শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

যশোরে হামজ্বরে আ.লীগের ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

যশোরে হামজ্বরে আ.লীগের ইউপি চেয়ারম্যানের মৃত্যু
যশোরের চৌগাছায় হামজ্বরে আক্রান্ত হয়ে নিহত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ।

যশোরের চৌগাছায় হামজ্বরে আক্রান্ত হয়ে অবাইদুল ইসলাম সবুজ (৪০) নামের এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পাশাপোল ইউনিয়ন পরিষদের সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর জ্বরে আক্রান্ত হন অবাইদুল ইসলাম সবুজ। জ্বর না কমায় গত ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে হামে আক্রান্ত বলে নিশ্চিত করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজ আগে থেকেই অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। যশোর ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অবাইদুল ইসলাম সবুজ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর