শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাবার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’, ফেসবুক স্ট্যাটাসে মেয়ের প্রতিবাদ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

বাবার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’, ফেসবুক স্ট্যাটাসে মেয়ের প্রতিবাদ
বাবা ছফিউল্লার সঙ্গে মেয়ে সেতু। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারের ব্যবসায়ী সোপান আহমেদের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ছফিউল্লার মেয়ে সেতু। একই সঙ্গে বাবার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক প্রতিবাদমূলক স্ট্যাটাসে সেতু তার বাবার বিরুদ্ধে আনা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, পারিবারিক সম্পত্তি ও আনন্দ বাজারের ব্যবসায়িক বিরোধের জেরে তার বাবাকে মামলায় জড়ানো হয়েছে। 

সেতুর অভিযোগ, ফেসবুকে তার দেওয়া প্রতিবাদমূলক স্ট্যাটাস সরিয়ে ফেলতে মামলার বাদী সোপান আহমেদ তাকে হুমকি দিয়েছেন। এর আগে গত ৬ অক্টোবরও সেতু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও বিভিন্ন ফেসবুক গ্রুপে বাবার পক্ষে প্রতিবাদমূলক স্ট্যাটাস দিয়েছিলেন।

সেতু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবাকে নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রচার করা হচ্ছে, যা পরিবারের সম্মান ক্ষুণ্ন করছে।

তিনি ফেসবুক পোস্টে পারিবারিক সম্পত্তি, আর্থিক লেনদেন, আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির কার্যক্রম এবং মেড্ডা বাসস্ট্যান্ডের একটি চালের গুদাম নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা তুলে ধরেন। এসব বিরোধের পেছনে তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সেতুর দাবি, তার বাবা কখনো কারও কাছে চাঁদা দাবি করেননি। মামলার অভিযোগের যথাযথ তদন্ত না করেই মামলা করা হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। 

তবে তার এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফেসবুক স্ট্যাটাসে সেতু সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার বাবার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবাকে নিয়ে ‘মিথ্যা তথ্য’ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সোপান আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হাজী ছফিউল্লার বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর ৫৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। দণ্ডবিধির ৩৮৫/৫০৬(২) ধারায় করা মামলাটির জি.আর. নম্বর ৬০৭/২০২৬।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর