শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে মাহমুদা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহমুদা আক্তার উপজেলার ধান্যদৌল গ্রামের বাসিন্দা। তার বাবা ফিরোজ মিয়া ও মা মাহিনুর বেগম। সে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সদস্যরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে নিজের ঘর থেকে চাচার ঘরে ঘুমাতে যাওয়ার সময় উঠানে মধ্যে মাহমুদাকে সাপে কামড় দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার নাঈম আব্দুল্লাহ তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং যদি অবস্থার অবনতি ঘটে তাহলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। 

পরে রাতে ১১টার দিকে বাড়িতে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাত ১টায় ব্রাহ্মণপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

নিহতের দাদা খোরশেদ আলম জানান, সাপে কামড়ানোর পর মাহমুদাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে ডাক্তার নাঈম আব্দুল্লাহ রোগীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন এবং রোগীর অবস্থা অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

অল্প বয়সী শিক্ষার্থী মাহমুদার মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর