শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: রাশেদ প্রধান

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নতুন জালেম বিএনপি যদি পাঁচ বছর বাংলাদেশকে শাসন করে, তবে দেশের মানুষকে দুর্ভিক্ষে মারা যেতে হবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। বাংলার মাটিতে আর কোনো নতুন স্বৈরতন্ত্রকে কায়েম হতে দেওয়া হবে না।’

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে দলটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সার সংকট, সিন্ডিকেট ও দলীয়করণ—বিএনপির অপকর্ম বলে শেষ করা যাবে না। আমাদের চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। বাংলার মাটি ভারতের অঙ্গরাজ্য হবে না।’

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এই উত্তরবঙ্গ শুরু থেকে অবহেলিত। রাজশাহী শহর বাদ দিলে রাজশাহী ও রংপুর বিভাগে আমি কোনো উন্নয়নের ছিটেফোঁটা দেখতে পাই না। হাইওয়ের কিছু রাস্তা পাকা হলেই বলা যায় না যে ওই জেলা উন্নত হয়ে গেছে।’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিলো এই উত্তরবঙ্গ থেকেই শহীদ আবু সাঈদ। আমরা যুগে যুগেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। ভয় দেখিয়ে লাভ নেই, জুলাই যদি আবার নামাতে হয়, আমরা আবার নামবো।’

এই লড়াইকে কোনো নির্দিষ্ট দলের ক্ষমতা দখলের যুদ্ধ নয় উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, ‘এই যুদ্ধটা ১১ দলকে ক্ষমতায় নেওয়ার বা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়।

‘এই যুদ্ধটা বাংলাদেশের যুদ্ধ। আমার সামনে ক্ষমতা কোনো ফ্যাক্টর না। আমি মরার আগে শুধু দেখতে চাই এই দেশটা পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। এই দেশটার এক ইঞ্চির মধ্যেও যেন ভারতীয় আধিপত্য না থাকে।’

তিনি আরও বলেন, ‘নব্য জালেম বিএনপি যখন আমার বাসায় হামলা করে, তখনও আমি ভয় পাইনি। আমার মৃত্যু যেই সেকেন্ডে লেখা আছে, আমি সেই সেকেন্ডেই মৃত্যুবরণ করব। কেউ আমাকে রক্ষা করতে পারবে না।’

জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান, এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর