শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় যুবদল নেতা খুন: সন্দেহভাজনের বাড়িতে হামলা-আগুন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় যুবদল নেতা খুন: সন্দেহভাজনের বাড়িতে হামলা-আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত মালামাল। ছবি: ঢাকা মেইল

কুমিল্লা নগরে আবু কাউসার (৪৩) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাসুম নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তৌহিদ নামে এক ব্যক্তির বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিহত আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি কুমিল্লা নগরের ৪নং ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তাদের বাড়ি নগরীর একই ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায়।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বন্ধুর কেনা জমি দেখতে শুক্রবার সকালে গোমতী নদীর পাড়ে গিয়েছিলেন কাউসার। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আবু কাউসার জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তাদের পরিবারের প্রভাব রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বড় ভাই কবির হোসেন জানান, কাউসারের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখানে তার ময়নাতদন্ত করা হচ্ছে। নন্দিরবাজার এলাকার তৌহিদ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তিনি। 

ব্যবসায়িক কাজে তৌহিদের সঙ্গে কাউসারের বিরোধ ছিল বলেও জানান কবির হোসেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহজনকের বাড়িতে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, আবু কাউসার বহু আগে থেকে আমার কর্মী  এবং আমি তো তাকেই ভালোই বলব। এলাকাবাসী কি বলে- সেটা হচ্ছে কথা। বয়সে ছোট হলেও সে আকবর ভাইয়ের নির্বাচনের সময় কাজ করছে। আমি জানি সে  দোকানদারি করে। 

সাক্কু আরও বলেন,পার্টি  এখন ক্ষমতায় এসময়ও যদি যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়- তা অত্যন্ত দুঃখজনক।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর