ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ‘মাদক কারবারির’ বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গার শান্তামুড়ার বাসিন্দা জহির মিয়ার বাড়িতে হামলা চালায় এলাকাবাসী।
তাদের অভিযোগ, ওই বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে।
খাটিঙ্গা গ্রামের বাসিন্দা মো. সরল খান বলেন, মাদক কারবারি জহিরের কারণে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে থামানো যাচ্ছে না।
তিনি বলেন, মাদক বিক্রি নিয়ে প্রতিবাদ করায় গত দুই দিন আগে জহির দুজনকে দা দিয়ে কোপ দেয়, এতে একজনের হাতে ১৫টি সেলাই লেগেছে। জহিরের নামে একাধিক মাদক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করে না। শুক্রবার সকালে আমরা শতাধিক মানুষ একত্রিত হয়ে জহিরের বাড়িতে হামলা ও ভাঙচুর করি। ঘটনার পর থেকে জহির মিয়া আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, আমি এখানে নতুন এসেছি। আমি ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যার বাড়িঘরে হামলা হয়েছে তার সকল তথ্য নিয়ে জানতে পেরেছি, তার নামে মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক মামলা ৬টি ও মারামারির ঘটনায় ২টি।
তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। মাদক কারবারি থাকলে জনগণ তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারে। এছাড়া এই জহিরের সকল মামলা নিয়ে পুলিশ কাজ শুরু করে দিয়েছে বলেও তিনি জানান।
প্রতিনিধি/এলএ




