শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলা প্রতিনিধি, ​চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

​সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার দায়িত্বপ্রাপ্ত তিনটি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।

শুক্রবার(১৬ অক্টোবর) থেকে শুরু হয়ে প্রতিমা বিসর্জনের দিন অর্থাৎ আগামী ২২ অক্টোবর(বৃহস্পতিবার) পর্যন্ত মাঠে থাকবেন তাঁরা। ​বিজিবির সংশ্লিষ্ট তিনটি ব্যাটালিয়নের অধিনায়করা এ তথ্য নিশ্চিত করেছেন।
​
​৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনকষা, সদর উপজেলার ওয়াহেদপুর ও হাকিমপুর এবং পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার কিছু এলাকার ১০টি মণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশে আরও ১০টি মণ্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন এবং যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ২ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা এলাকা রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করেছেন।

তিনি জানান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের কাজ করছে বিজিবি। বিশেষ করে গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যে-কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে বাহিনীটি।

​৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু জানান, তাঁদের দায়িত্বপূর্ণ এলাকার ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে। যার মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১২টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টি মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা জোরদারে দুটি বেইজ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

​১৬ বিজিবি ব্যাটালিয়ন গোমস্তাপুর উপজেলার ১৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। পাশাপাশি যে-কোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আরও ২ প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ বা প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর