শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে পারভেজ প্রিন্স (২১) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৮ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স ওই এলাকার মেহেরুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের কাছে সারের সঠিক সরবরাহ নিশ্চিত করতে কয়লার দিয়াড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ‘মেসার্স পারভেজ প্রিন্স’ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করা ৮ বস্তা টিএসপি ও ২০ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

অবৈধভাবে সার মজুতের দায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ প্রিন্সকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. উম্মে সালমা রুমা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়াও উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. উম্মে সালমা রুমা বলেন, বাজারে সারের কৃত্রিম সংকট রোধ, মূল্য নিয়ন্ত্রণ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। সারের সুষ্ঠু সরবরাহ ব্যাহত করে—এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর