শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে আরএমপির উদ্যোগে প্রস্তুতি সভা 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে আরএমপির উদ্যোগে প্রস্তুতি সভা 
ছবি: সংগৃহীত

আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে আরএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দফতর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রশাসক আবুল কালাম আজাদ সুইট, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) রাতে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে বিএনপি। এতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় নেতারা ‍গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর