বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ, ঘুরতে বেরিয়ে প্রাণ গেল প্রেমিক-প্রেমিকার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ, ঘুরতে বেরিয়ে প্রাণ গেল প্রেমিক-প্রেমিকার
দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: ঢাকা মেইল

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে প্রেমিক-প্রেমিকা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন হোসেনের (২২) বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত কিশোরীর বয়স ১৭ বছর। তার বাড়ি চৌগাছা পৌরশহরে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেলে অয়ন ও ওই কিশোরী নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কিশোরী। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন। কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওই কিশোরী। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর