বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

চৌগাছায় সার ডিলার নিয়োগে অপপ্রচার, মিথ্যা খবর ছড়ানোয় প্রতিবাদ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

চৌগাছায় সার ডিলার নিয়োগে অপপ্রচার, মিথ্যা খবর ছড়ানোয় প্রতিবাদ
যশোরের চৌগাছায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহার সংবাদ সম্মেলন। ছবি: ঢাকা মেইল

যশোরের চৌগাছায় সার ডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় চৌগাছা কাঁচাবাজারে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহার ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। পরে একই কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোবিন্দ কুমার রাহা। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ১২ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন লাইসেন্সপ্রাপ্ত কয়েকজনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন পত্রিকায় মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদ তাদের আত্মসম্মানে আঘাত করেছে।

তিনি আরও বলেন, উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নে সার ডিলার হওয়ার জন্য একাধিক ব্যক্তি আবেদন করেন। তাদের মধ্যে বিশ্বাস ট্রেডার্সের মালিক শ্যামল কুমার বিশ্বাসও ছিলেন। তিনি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকার প্রয়োজনীয় বিষয় বিবেচনা করেই তাকে লাইসেন্স দিয়েছে বলে দাবি করেন গোবিন্দ কুমার রাহা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শ্যামল কুমার বিশ্বাসকে সার ডিলারের লাইসেন্স পাইয়ে দিতে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা ২০ লাখ টাকা নিয়েছেন বলে ফেসবুকে প্রচার করা হয়েছে। 

গোবিন্দ কুমার রাহা এ অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেন। তার ভাষ্য, একটি মহল তাদের সম্মানহানি করার উদ্দেশে এসব অপপ্রচার চালাচ্ছে।

নিজেদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে গোবিন্দ কুমার রাহা বলেন, এমএ সালাম দীর্ঘ আট বছর চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। 

অন্যদিকে, তিনি নিজে ৩৩ বছর চৌগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।

গোবিন্দ কুমার রাহা বলেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা তথ্যের প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু, সাবেক বন কর্মকর্তা নির্মল কুমার কুণ্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অনন্ত সরকার এবং সুখপুকুরিয়া ইউনিয়নের নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি সার ডিলার শ্যামল কুমার বিশ্বাসসহ অন্যরা।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছেন। এমনকি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

এক প্রশ্নের জবাবে এমএ সালাম বলেন, অপপ্রচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলার শ্যামল কুমার বিশ্বাস বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। অবসরের পর থেকে ব্যবসা করছেন। তার দাবি, তিনি ও তার পরিবার বিএনপির সমর্থক। সার ডিলার নিয়োগ নিয়ে তাকে কেন্দ্র করে যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তা নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। 

সংবাদ সম্মেলন শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর