শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা প্রদানে রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসাথে যে-কোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য ব্যাটালিয়ন সদরে আরও দুই প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর রানীবাজার অ্যারোহেড পূজা মণ্ডপের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় রাজশাহী জেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দফতরেরর ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬টি পূজামণ্ডপসহ সর্বমোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে-কোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য ব্যাটালিয়ন সদরে আরও দুই প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অধীনস্থ ১১টি বিওপি থেকে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে এবং প্রতিটি বিওপি থেকে প্রতিদিন ৪টি করে বিশেষ টহল পরিচালনা করা হবে। এ টহল কার্যক্রমের সার্বিক তদারকির জন্য কমান্ডারগণ ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে এ যৌথ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে, যেখানে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব ঘিরে কোনো ধরনের গুজবে কান না দিতে, তথ্য যাচাই না করে প্রচার না করতে এবং যে-কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানান তিনি।
সবশেষে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহবান জানিয়ে তিনি বলেন, আসুন, সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তুলি।
প্রতিনিধি/ এজে




