বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফিল্মি স্টাইলে ক্রিকেটারদের লাগেজ চুরি, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

ফিল্মি স্টাইলে ক্রিকেটারদের লাগেজ চুরি, গ্রেফতার ৪
উদ্ধার মালামালসহ গ্রেফতার চারজন। ছবি: ঢাকা মেইল

সিনেমার মতো দুঃসাহসিক কায়দায় চলন্ত কাভার্ডভ্যান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনা ঘটেছে। চলন্ত ভ্যানের পিছু নেওয়া একটি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে ভ্যানের পেছনে উঠে পড়েন এক চোর। এরপর দরজার তালা ভেঙে একে একে নামিয়ে নেন ক্রিকেটারদের আটটি লাগেজ।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিনব এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মালামালের বড় একটি অংশ। তবে একটি লাগেজে থাকা ক্রিকেটার এস এম মেহেরব হাসানের তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।

গ্রেফতার হওয়া চারজন হলেন— রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। 

পুলিশ জানিয়েছে, মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এছাড়া সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।

জানা যায়, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ডভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল। পথে ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেন। কিন্তু ভোর ৫টার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ডভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা চোরের দল তালা ভেঙে আটটি লাগেজ চুরি করে নিয়ে যায়।

পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ডভ্যানচালক সজীবকে জানান। তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে।

এ ঘটনায় দলের ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর লাগেজ উদ্ধারে মাঠে নামে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের দলটিকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর