পঞ্চগড় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় থাকা ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালাবে বিজিবি। একই সঙ্গে যে-কোনো নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবে তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত একটি দুর্গামন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় বিজিবির সদস্য, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবির অধিনায়ক। তিনি পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে মন্দির কমিটির সদস্যদের হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় থাকা ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা টহল দেবেন। নাশকতা বা যে-কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে চালু করা হয়েছে মনিটরিং সেল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি অপপ্রচার ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।
মন্দির পরিদর্শন শেষে বিজিবির অধিনায়ক পঞ্চগড় শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
প্রতিনিধি/ এজে




