বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, শিবিরের দুই নেতাসহ আসামি ৪

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, শিবিরের দুই নেতাসহ আসামি ৪

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার, প্রাণনাশের হুমকি ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলার ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার বর্তমান ও সাবেক সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (১৩ অক্টোবর) আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পটুয়াখালী জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন বলে মামলার সূত্রে জানা গেছে।

মামলার বাদী মো. মাসুম বিল্লাহ জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি ‘Bauphal News 24’ নামের একটি ফেসবুক পেজে স্থানীয় বিভিন্ন সংবাদ ও ভিডিও প্রকাশ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি বাউফলের শৌলা এলাকায় জোরপূর্বক গাছ কাটার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেন মাসুম বিল্লাহ। পরে ‘খবর বাউফল’ ও ‘বাউফল টুডে’ নামের দুটি ফেসবুক পেজেও সংবাদটি প্রকাশ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ আগস্ট রাত ১০টা ৪৯ মিনিটে মামলার ২ নম্বর আসামি মো. আমিনুল ইসলাম নিজের মুঠোফোন থেকে মাসুম বিল্লাহকে ফোন করে অশালীন ভাষায় কথা বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য, হুমকি এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগসংবলিত ভিডিও প্রচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এসব বক্তব্য ও ভিডিওর মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ ছড়িয়ে পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

এ ঘটনায় মাসুম বিল্লাহ গত ১৯ আগস্ট বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯৭০। পরে গত ৪ অক্টোবর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার পিটিশন মামলা নম্বর ২৬২/২০২৬ দায়ের করেন তিনি।

মামলার আসামিরা হলেন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. তরিকুল ইসলাম ফাহিম (২৬), মো. আমিনুল ইসলাম (৩২), সংগঠনটির সাবেক সভাপতি মো. ইমরান খান (৩৫) এবং মো. আবুল কালাম হাওলাদার ওরফে কালু (৬৫)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে এম মাহাবুবুর রহমান সেন্টু বলেন, ডিজিটাল আলামত সংরক্ষণ, সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর প্রকৃত ব্যবহারকারী শনাক্ত এবং আইপি লগ, লগইন হিস্ট্রি ও মেটাডেটা বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে তদন্ত প্রয়োজন।

পটুয়াখালী সিআইডির ইনচার্জ তুষার কান্তি দাস বলেন, সাইবার ট্রাইব্যুনাল থেকে মামলাটি তাদের কার্যালয়ে এসেছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তাদের কার্যালয়ে এসেছিলেন এবং তার সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

বাউফলের কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. তরিকুল ইসলাম ফাহিম (২৬) ও সাবেক সভাপতি মো. ইমরান খান (৩৫)।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর