বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

দিনাজপুরে প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর

দিনাজপুরে উদ্ধার করা ৩২ দশমিক ১৫ কেজি ওজনের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি প্রত্নতত্ত্ব অধিদফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতের নির্দেশে মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, গত ১১ আগস্ট চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুর সদর থানার চাতরাপাড়া এলাকা থেকে একজনকে আটকসহ ৩২ দশমিক ১৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মূর্তিসহ আটক ব্যক্তিকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তবে থানায় মূর্তিটি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সেটি ৪২ বিজিবির হেফাজতে রাখা হয়।

পরবর্তীতে গত ৭ অক্টোবর দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত সদর উদ্ধার করা মূর্তিটি কাহারোলের কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। তাই প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার করা প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র পাচার ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর