বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়, দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়, দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর গ্রামের সামনে ধনু নদে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও অলিদুজ্জামান।

অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. মুখলেছ (৫০) ও ইমন মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধনু নদে চলাচলকারী বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেড থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের নৌযান থেকেও চাঁদা নেওয়া হয়। প্রতিটি বাল্কহেড থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা বা তারও বেশি আদায় করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, চাঁদা আদায়ে চক্রের সদস্যরা ছোট ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করেন। ধনু নদের নির্দিষ্ট কয়েকটি স্থানে নৌকা নিয়ে অবস্থান করেন তারা। ওই পথে বাল্কহেড চলাচলের সময় কাছে গিয়ে চলন্ত নৌযান থেকে চাঁদা আদায় করে আবার তীরে ফিরে আসেন।

স্থানীয়দের ভাষ্য, লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারের সামনের অংশ পর্যন্ত ধনু নদের বিভিন্ন স্থানে কয়েকটি দলে ভাগ হয়ে চাঁদা আদায় করে আসছে চক্রটি।

ইউএনও অলিদুজ্জামান বলেন, ধনু নদে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধনু নদে চাঁদা আদায় বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর