রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ নামে দুটি সংগঠনের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়। অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়িতে ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
সকাল ৬টা থেকে সাজেক সড়কের বাঘাইহাট ১০ নম্বর এলাকা, মাচালং ১৪ কিলো, উজোবাজারসহ কয়েকটিস্থানে সড়ক অবরোধ করা হয়েছে। অবরোধের কারণে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অবরোধকারীরা তিনটি দাবিতে কর্মসূচি পালন করছেন। এর মধ্যে রয়েছে- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়া। গত ১১ অক্টোবর একই দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছিল। পরে ওই দিন বিকেলে প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন। তবে গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে আবারও দ্বিতীয় দফার অবরোধের ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিবৃতিতে তারা অভিযোগ করে বলেন, প্রশাসন ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ আমাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। যার কারণে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল। কিন্তু গতকাল ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি।
সাজেকবাসীর ৩ দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়ায় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করায় সাজেক সড়কে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ কর্মসূচি চলছে। সাজেক সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। যানচলাচল বন্ধ রয়েছে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।
অবরোধের সার্বিক পরিস্থিতি বিষয়ে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধে সাজেক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এলএ




