নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল ওরফে কালুকে (১৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দল নোয়াখালীর কবিরহাট থানার চরমণ্ডলিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করে। তিনি সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। গত ৫ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা এলাকার ধন্যপুর গ্রামে তার নিজ বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ রয়েছে রবিউলের বিরুদ্ধে।
গ্রেফতার রবিউলকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি/এসএস




