বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কাউখালীতে ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

কাউখালীতে ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ

​পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬'-এর অংশ হিসেবে কঁচা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বেকুটিয়া সংলগ্ন কঁচা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল বেকুটিয়া ফেরিঘাট এলাকায় সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযান প্রসঙ্গে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আমাদের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের জনগণই পাবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

​এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার মহোদয়ের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদফতর নিয়মিত টহল দিচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান পুরো প্রজনন মৌসুম জুড়েই অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর