বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা জখম

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

মাগুরায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা জখম
হাসপাতালে আহত এএসআই রকিবুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় কারবারির ছুরিকাঘাতে এক এএসআই আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার শতখালী ইউনিয়ন হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শালিখা থানার ওসি আশিকুর রহমান।

আহত এএসআই রকিবুল ইসলাম শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় গ্রেফতার অপু (২৫) ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ উপস্থিত হলে চিহ্নিত তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে হাতেনাতে ধরে ফেলে।

এসময় আটক ব্যক্তি নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এএসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে পালানোর চেষ্টা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের এক কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর