বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা
নিহত আবির হোসেন।

নেত্রকোনার কেন্দুয়ায় বসতঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে আবির হোসেন (২২) নামে এক সৌদিপ্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা এনামুল হক (৪৭) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আটটার দিকে আবিরের মৃত্যু হয়। তার বাবা এনামুল হকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরের সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তার চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুলের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় এনামুল ও তার ছেলে আবিরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত আবির সৌদি আরবপ্রবাসী ছিলেন। এক সপ্তাহ আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। তার বাবা এনামুল হক পুরানবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি রোয়াইলবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর স্বজনেরা তার লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

ঘটনার পর থেকে বকুল মিয়া আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে বলে তারা জানান।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বসতঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার লাশ নিয়ে স্বজনেরা তখনো বাড়ি ফেরেননি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর