বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্তের পর গত মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকালে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম দৌলত আলী (৬৫)। তিনি পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী বৃদ্ধার বাড়িও একই ইউনিয়নে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক দুইটার দিকে বৃদ্ধা নিজ বসতঘরে একা শুয়ে ছিলেন। এ সময় দৌলত আলী কৌশলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বৃদ্ধার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার আগে আট থেকে দশ দিন ধরে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিচ্ছিলেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঘটনার সময় এক প্রতিবেশী নারী বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি অন্য একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর সামাজিক সম্মানহানির আশঙ্কায় বৃদ্ধার পরিবার প্রথমে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চায়। পরে তাদের পরামর্শে ভুক্তভোগীর ৪৬ বছর বয়সী ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দৌলত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর