চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম(৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিম জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা গ্রামের মো. হাসানুরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মহারাজপুর সড়কে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিম মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত বিষয়াদি খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এজে




