টাঙ্গাইলের সখীপুরে দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া মগার মার্কেট এলাকায় তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বড়চওনা রফিক-রাজু স্কুলে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন দুলু মিয়া। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হয়। তবে এরপরও ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম বলেন, ‘আমরা বারবার নিষেধ করেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে।’ তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম বলেন, তালাকের পর থেকে দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।
দুলু মিয়ার ছেলে আজহার মিয়া জানান, মঙ্গলবার রাতে তার বাবা একটি দোকানে চা পান করে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর আবার বাইরে বের হন। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার ধারে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। এ মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস




