সিরাজগঞ্জে ৬৫ গ্রাম হেরোয়িন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদণ্ড প্রদান করেন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ বলেন, রায় ঘোষার সময় আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লায় ২ নং গলিতে অভিযান চালিয়ে তাহের জামিল অপেলের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ সংলগ্ন বাগানে ৬৫ গ্রাম হেরোয়িন ও ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাককে আটক করে। এ সময় তার নিকট থেকে ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আসামি আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেনের নিকট থেকে ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এজে




