ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে রোড সাইন চুরির অভিযোগে রনি (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ফেনী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেসিক মোড় এলাকায় সড়ক ও জনপথ অধিদফতরের স্থাপন করা একটি রোড সাইন চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা রোড সাইন চুরির সঙ্গে একটি চক্র জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব সাইন চুরি হলে চালকেরা সড়কের দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হতে পারেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রনির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে এমন চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




