পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (৩৫) ও ইয়াছিন হাওলাদার (২৫) নামে দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আব্দুল কুদ্দুস মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। তিনি উপজেলা পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব। ইয়াছিন হাওলাদার চরবলেশ্বর গ্রামের আব্দুল খলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চন্ডিপুর বাজারে নিজেদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল কুদ্দুস ও ইয়াছিন হাওলাদার। পথে চরবলেশ্বর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে দুজনই গুরুতর আহত হন। আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি দা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ইয়াছিন হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুবেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




