সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আহমদ বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিঘিরপাড় এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হয়েছেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে।
বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর




