বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম

শেয়ার করুন:

বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি।

নওগাঁর মান্দায় গরুর বাছুরে প্রতিবেশীর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) এবং ভাই সাইফুল ইসলাম (৩০)। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন। তাদের মারধরে ঘটনাস্থলেই শহিদুল মারা যান। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও হামলার শিকার হন।

মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর