মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদক সেবনের অভিযোগে গ্রেফতার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

মাদক সেবনের অভিযোগে গ্রেফতার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। একই সঙ্গে আব্দুল বারী হীরার সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আব্দুল বারীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গোপন সংবাদে গতকাল সোমবার রাত নয়টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ৷ এসময় গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ছাত্রদল নেতা আব্দুল বারী হীরাসহ চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয় পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আবদুল জলিলের ছেলে তারেক মিয়া (২৪)।

মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ওই চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে চারজনকে ওই মামলার গ্রেপ্তার দেখানো হয়। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর