মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তায় লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তায় লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স

পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটির সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

পুলিশ বক্স হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, লেক ভিউ গার্ডেন রাঙামাটির অন্যতম উন্মুক্ত বিনোদনকেন্দ্র। এখানে কোনো প্রবেশমূল্য ছাড়াই স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা ঘুরতে পারেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি করছে। পুলিশ বক্স স্থাপনের ফলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে এ স্থান উপভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

c804dc8d-fdf1-4502-9106-f122a81dd139

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা যাতে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই লেক ভিউ গার্ডেন তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

7536ab57-86d5-4583-8449-59d5e2e53b7e

রাঙামাটি পর্যটন শহর হলেও শহরের মধ্যে বিনা মূল্যে ঘোরাঘুরি ও অবসর কাটানোর সুযোগ সীমিত। ডিসি বাংলোসহ একসময় জনপ্রিয় কয়েকটি উন্মুক্ত বিনোদনকেন্দ্রে এখন প্রবেশমূল্য চালু হয়েছে। এমন পরিস্থিতিতে রাঙামাটি ফিশারি বাঁধসংলগ্ন এলাকায় সড়ক বিভাগের উদ্যোগে গড়ে তোলা ‘সওজ লেক ভিউ গার্ডেন’ স্থানীয় বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

e5f05dde-a891-4f5d-8429-3c3341865154

প্রায় ২০০ প্রজাতির গাছের সমারোহে সাজানো এই গার্ডেন থেকে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগের পাশাপাশি হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ রয়েছে। প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও এখানে সময় কাটাতে আসেন। এ কারণে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা ও তিথি চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে গার্ডেন প্রাঙ্গণে একটি জারুলগাছের চারা রোপণ করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর