সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে দুই অভিযানে ৭০ বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে দুই অভিযানে ৭০ বস্তা সার জব্দ
জব্দ সার। ছবি: ঢাকা মেইল

পঞ্চগড় সদর উপজেলার দুটি পৃথক অভিযানে ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা এবং গড়িনাবাড়ী ইউনিয়নের বজ্রাপাড়া বাজারের একটি দোকান থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় দুই সার ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসব অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে ১৫ বস্তা টিএসপি, ২২ বস্তা এমওপি এবং ২৪ বস্তা ডিএপি রয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, জব্দ ৬১ বস্তা সার মঙ্গলবার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

একই দিন সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের বজ্রাপাড়া বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী জাহিদ হোসেনের দোকানে অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দোকান থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়।

পরে ব্যবসায়ী জাহিদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ সার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির উপস্থিতিতে প্রকাশ্যে বিক্রি করা হয়। সার বিক্রি থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার মজুদ ও বিপণনে অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, সার মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বজ্রাপাড়া বাজারে এক ব্যবসায়ীর দোকান থেকে ৯ বস্তা সার জব্দ করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ সার প্রকাশ্যে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর