সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় দৃষ্টিহীন যুবকের চিকিৎসায় কর্মকর্তাদের লাখ টাকার সহায়তা

জেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখলী)
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় দৃষ্টিহীন যুবকের চিকিৎসায় কর্মকর্তাদের লাখ টাকার সহায়তা

নোয়াখালীর হাতিয়ায় দৃষ্টিশক্তি হারানো এক যুবকের চোখের চিকিৎসার জন্য নিজেদের বেতন থেকে ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। সহায়তা পাওয়া যুবকের নাম মো. রাসেল (২৮)। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের চর বগুলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণবিষয়ক সংবাদ সম্মেলন চলাকালে রাসেলের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে রাসেলের ডান চোখে সমস্যা দেখা দেয়। পরে তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তার বাম চোখেও সমস্যা দেখা দেয়। একপর্যায়ে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। চোখের চিকিৎসার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সংকটেও পড়েন রাসেল। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান তিনি।

রাসেলের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে ইউএনও রাসেল ইকবালের উদ্যোগে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের বেতন থেকে অর্থ সংগ্রহ করে তাকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন।

c21f2712-7735-43d5-91a0-343967843029

সহায়তা পেয়ে রাসেল বলেন, “ইউএনও স্যারসহ সরকারি কর্মকর্তারা আমাকে যে আর্থিক সহযোগিতা করেছেন, এর জন্য আমি তাদের কাছে ঋণী। এই টাকা নিয়ে আগামীকাল ঢাকায় গিয়ে বাম চোখের চিকিৎসা শুরু করব।”

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “দৃষ্টিহীন এই যুবক যেন চিকিৎসার মাধ্যমে আবার চোখের আলো ফিরে পান, সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। উপজেলা পরিষদের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে এই অর্থ দিয়েছেন। এটি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা।”

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শ্রীরাম ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছালেহ আহমদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. ইমদাদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর