যৌন হয়রানির অভিযোগের তদন্ত শেষ না করে অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং অভিযোগকারী নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় কারখানার ফটকে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব ও পরিচালনা করেন রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন- কারখানার পরিচ্ছন্নতাকর্মী মাসুদা আট বছর ধরে সেখানে কাজ করছেন। গত তিন বছর ধরে সিনিয়র সুপারভাইজার ফোরকান তালুকদার তার সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছেন। এ বিষয়ে গত ৭ মে ফোরকান তালুকদারের বিরুদ্ধে অভিযোগ করেন মাসুদা। অভিযোগ তদন্তে গত ১৬ আগস্ট পাঁচ সদস্যের কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।
বক্তারা বলেন, গত ৫ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে মাসুদাকে তার কর্মস্থল থেকে অন্য সেকশনে বদলি করা হয়েছে। অথচ অভিযুক্ত সুপারভাইজার এখনো নারী শ্রমিকদের সঙ্গে একই সেকশনে দায়িত্ব পালন করছেন। অভিযোগের বিচার চাওয়ায় এ ধরনের বদলি অন্যায় ও শ্রমিকের অধিকারবিরোধী বলে দাবি করেন তারা।
বক্তারা এ ঘটনাকে বাংলাদেশ শ্রম আইনের যৌন হয়রানিসংক্রান্ত বিধানের লঙ্ঘন বলে দাবি করেন। আগামী সাত দিনের মধ্যে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়া শাহাদাত নামে ষাটোর্ধ্ব এক শ্রমিকের চাকরির অবসানের এক মাস পূর্ণ হওয়ার আগেই তার সব পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।
বক্তব্য দেন- শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল হামিদ, অর্থ সম্পাদক সেবিকা হালদার ও উপদেষ্টা ফিরোজ তালুকদার প্রমুখ।
প্রতিনিধি/এলএ




