সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেমের টানে ভাইকে নিয়ে জয়পুরহাটে এলেন ভারতীয় যুবক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

প্রেমের টানে ভাইকে নিয়ে জয়পুরহাটে এলেন ভারতীয় যুবক

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে ভারত থেকে ভাইকে নিয়ে জয়পুরহাটে বিয়ে করতে ছুটে এসেছেন ফারুক চাপরাশি নামে এক ভারতীয় যুবক। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে ভিড় করছেন তাদের দেখতে। এখন দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা। 

সোমবার (১২ অক্টোবর) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এমন ঘটনা দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই উপজেলার জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের যুবক ফারুক চাপরাশির। এরপর কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। পরে সম্পর্কটিকে বিয়েতে রূপ দেওয়ার উদ্দেশে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তার ভাই মুর্শিদ। এরপর থেকে তারা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন। 

সোমবার সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়। দুই ভাইয়ের পাসপোর্ট ও ভিসার তথ্যে দেখা গেছে, তারা ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা। এদিকে দুই যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে তাদের বিয়ে কবে এবং কীভাবে সম্পন্ন হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, ওই ছেলে ও তার বড় ভাই পাসপোর্ট-ভিসা নিয়ে গত ৮ অক্টোবর আমার বাড়িতে এসেছেন। আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠান করা হবে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিষয়টি মৌখিভাবে শুনেছি, খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর