সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত
ঘটনার পর ফুঁসে ওঠে এলাকাবাসী। ছবি: ঢাকা মেইল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করার অভিযোগে ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী ও এলাকাবাসীর তীব্র অসন্তোষ ও আন্দোলনের মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

রোববার (১১ অক্টোবর) সকালে ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা যায়, দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহ অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। বিষয়টি প্রকাশ পেলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল। কিন্তু পূর্বের ঘটনাগুলোতেও কর্তৃপক্ষ শিথিলতা দেখায়। ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক ছুটির আবেদন জমা দিয়ে আত্মগোপনে চলে যান বলেও জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মালেক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষক শহিদুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুরুত্বের সাথে দেখবেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শহিদুল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর