চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ চালের প্রায় পাঁচ টন চুরি করে বিক্রির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়াও চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, রোববার চাল জব্দের পর ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তিন সদস্যের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে চুরি হয়ে যাওয়া ৪ হাজার ৯৩০ কেজি চাল একটি মিনি ট্রাকসহ জব্দ করা হয়। পরে চালগুলো সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।
চাল পরিবহনের দায়িত্বে থাকা পিকআপচালক শাহাদাত জানান, সিএসডি গোডাউন থেকে ভাড়া নিয়ে চালগুলো কুমিল্লার লাকসামে যাচ্ছিলেন তিনি। তাকে বলা হয়েছিল, লাকসামে পৌঁছালে চালের মালিকের নাম জানানো হবে। তবে পথিমধ্যে হাজীগঞ্জে পৌঁছানোর পর চালগুলো ফেরত নেওয়ার জন্য তার কাছে ফোন আসে। চালের বিক্রয় টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি পরিমাণ উল্লেখ থাকলেও মালিকের নাম লেখা ছিল না বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের জন্য চাল বরাদ্দ দেয় সরকার। এর আওতায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই চাল বিতরণ করা হয়নি বলে জানা গেছে।
প্রতিনিধি/এসএস




