সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে চার গাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে চার গাড়িতে ডাকাতি

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চারটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গাড়িগুলো থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। তবে লুট হওয়া মালামালের আর্থিক মূল্য জানা যায়নি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দাউদপুর–ভাদুরিয়া সড়কের শাল্টি মুরাদপুর জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ওই এলাকায় রাস্তার পাশের গাছ কেটে সড়কে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দল। এরপর দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে ডাকাতি করা হয়। পরে ওই সড়কে চলাচলকারী একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী আরেকটি পিকআপেও ডাকাতি করে তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর