চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজ ছয় বছরের সন্তানকে খুঁজতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এলাকায় মাইকিং করেছিল পরিবার। উৎকণ্ঠায় কাটে রাত। পরদিন সোমবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।
সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে হোসাইন নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল।
নিহত হোসাইন পরুয়াপাড়া এলাকার রমজান আলী হাজিবাড়ির আব্দুর রহিমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে বাড়ির পাশে এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। রাত পর্যন্ত খোঁজ না পেয়ে থানায় জিডি করেন তারা। পাশাপাশি শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়।
পরে সোমবার ভোরে স্থানীয় কয়েকজন নারী পুকুরে পানি আনতে গেলে পানিতে হোসাইনের মরদেহ ভাসতে দেখেন।
শিশুটির চাচা মো. জাবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কীভাবে কী হয়ে গেল, বুঝতে পারছি না। আমার ভাতিজা গতকাল এ সময়েও জীবিত ছিল, আজ সে মৃত।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস




