ঢাকার দোহারে জাতীয় শিশুকন্যা দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় দোহার উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে নওসীনা আরিফ বলেন, কন্যাসন্তানকে শুধু কন্যা হিসেবে সীমাবদ্ধ রাখলে চলবে না, সবার আগে তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে, পড়াশোনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া অসম্ভব। পরিবার থেকেই সন্তানদের আত্মসম্মানবোধ শেখাতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি শিশুদের পরিবার থেকেই শেখাতে হবে। সন্তান কোথায় যায় এবং কার সঙ্গে মেশে, সে বিষয়ে অভিভাবকদের যত্নশীল হতে হবে। সন্তান যদি বাবা-মায়ের কাছেই নিজেকে নিরাপদ মনে না করে, তাহলে অন্য কারও কাছে নিরাপদ বোধ করবে না। তাই সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে, যাতে তারা নির্দ্বিধায় নিজেদের সমস্যার কথা বলতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুস সিহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশারফ হোসেন, তথ্য ও সেবা কর্মকর্তা সাকিলা জাহান এবং উপজেলা ইন্সট্রাক্টর ও রিসোর্স কর্মকর্তা শামীমা ইয়াছমিন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিনিধি/এসএস




