ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফরিদ আমিন একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার এ কে এম ফরিদ আমিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের সাজা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
/এএস




