সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুরে একটি লেবুবাগানের মাটির নিচে পুঁতে রাখা তিনটি বালতি থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে আমবাগানের ভেতরে থাকা লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে মাটি দিয়ে ভরাট করা তিনটি গর্ত দেখতে পান এক নারী। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা গর্তগুলোর ওপর বালতিতে থাকা পলিথিন দেখতে পেয়ে সেগুলোতে হাতবোমা বা ককটেল থাকতে পারে বলে সন্দেহ করেন। এরপর তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দুপুর থেকেই ওই এলাকা ঘিরে রাখে। পরে রাতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনটি বালতি থেকে ১৭টি ককটেল উদ্ধার করেন এবং সেগুলো নিষ্ক্রিয় করেন।

অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, তিনটি বালতি উদ্ধারের পর এসআরবি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে রাতে বালতিগুলোতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের কাছে থাকা দুটি ককটেলের বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হন। ওই সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, রোববার উদ্ধার হওয়া ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর