নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত চিকিৎসক হলেন হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল।
চিকিৎসকের অভিযোগ, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে এসে অ্যাম্বুলেন্সচালক নাঈম ওই বিভাগে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তাঁকে বাধা দিলে তিনি চিকিৎসকের ওপর চড়াও হন এবং মারধর করেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলার অভিযোগে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে অভিযুক্ত অ্যাম্বুলেন্সচালক নাঈমের যোগাযোগর চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ-হেল মাফি বলেন, ঘটনার পরপরই আমরা থানাকে অবহিত করেছি। অভিযুক্ত আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
প্রতিনিধি/এজে




