সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সদস্যদের রাতে চলাচলের নির্দেশনার ব্যাখ্যা খুলনা জেলা পুলিশের

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

সদস্যদের রাতে চলাচলের নির্দেশনার ব্যাখ্যা খুলনা জেলা পুলিশের

খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় খুলনা জেলা পুলিশের সতর্কতামূলক নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সুপারের দপ্তর।

রোববার (১১ অক্টোবর) জেলা পুলিশ সুপারের বরাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানের প্রেক্ষাপটে আদেশটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রণীত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ পরিদর্শকের সাথে ঘটা ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালন শেষে, বিশেষত গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়ে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে গত শুক্রবার খুলনা জেলা পুলিশ সুপার স্বাক্ষরে একটি আন্তঃবিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করা হয়। আদেশটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রণীত হয়েছিল। 

এটি কোনোভাবেই খুলনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করা কিংবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্যে জারি করা হয়নি।

আরও উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারিকৃত নির্দেশনাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ায় কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই নির্দেশনাটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশ সদস্যদের জন্য এবং এই সরল বার্তাটি নিয়ে কোনো রকম অপতথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনগণের বিভ্রান্ত না করতে সকলকে অনুরোধ জানানো হয়।

পুলিশ সুপারের অনুকূলে জানানো হয়, উদ্ভুত পরিস্থিতি তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে নির্দেশনাটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট কারও দায়িত্বহীনতা বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা পুলিশ দৃঢ় মনোবল ও পেশাদারত্বের সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা অভ্যন্তরীণ নির্দেশনা সম্পর্কে সৃষ্ট বিভ্রান্তি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত ও নিরবচ্ছিন্ন কার্যক্রমকে ব্যাহত করবে না। জনসাধারণকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলম দায়িত্ব পালন শেষে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশায় নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাওয়ার পথে খানজাহান আলী রোডে কলেজিয়েট স্কুলের নিকট তিনজন ছিনতাইকারীর হামলার শিকার হন। তিনি ঢাকায় চিকিৎসাধীন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর