গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ২১ বছর বয়সী এক গৃহবধূ। পথেই দেখা হয় পূর্বপরিচিত দুই যুবকের সঙ্গে। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে একটি ভ্যানে তুলে নেন তারা।
কিন্তু অভিযোগ উঠেছে, বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে তাকে নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত ইটভাটায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
আটকের বিষয়টি রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা।
আটক দুই যুবক হলেন- হেলেঞ্চা গ্রামের সৈকত (২৮) ও উল্যাসোনাতলা গ্রামের মুস্তাকিম (২০)।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ গোবিন্দগঞ্জে তার বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজের বাড়িতে ফিরছিলেন। পথে হেলেঞ্চা গ্রামে পৌঁছালে পূর্বপরিচিত দুই যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। তাদের কথায় ভ্যানে ওঠার পর তাকে খলিল হাজীর পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে অভিযুক্ত দুই যুবককে আটক করেন তারা। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ভুক্তভোগী নারী ও অভিযুক্তদের সাঘাটা থানায় নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সাঘাটা থানার ওসি দুরুল হুদা বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




