মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। জব্দকৃত ইলিশ ২৮ টি এতিমখানা ও ১১৮ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ি আবু তাহেরকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানে জব্দ করা ৩৯৫ কেজি ইলিশ মাছ ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ এলাকার আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




