রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেশে বেড়েছে চায়ের উৎপাদন, উত্তরাঞ্চলে ৪০ শতাংশ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

দেশে বেড়েছে চায়ের উৎপাদন, উত্তরাঞ্চলে ৪০ শতাংশ

দেশে গত বছরের তুলনায় চলতি বছরে এখন পর্যন্ত চায়ের উৎপাদন ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ। একই সময়ে উত্তরাঞ্চলে চায়ের উৎপাদন বেড়েছে প্রায় ৪০ শতাংশ। 

রোববার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত ‘গুণগতমানের চা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে’ তিনি এসব কথা বলেন। 

চা বোর্ড চেয়ারম্যান বলেন, ১৯৪৭ সালে দেশে চায়ের উৎপাদন ছিল ১৮ মিলিয়ন কেজি। ১৯৭০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৮ মিলিয়ন কেজিতে। বর্তমানে শুধু পঞ্চগড়েই প্রায় ২৫ মিলিয়ন কেজি চা উৎপাদন হচ্ছে। 

তিনি বলেন, চায়ের গুণগতমান বৃদ্ধির জন্যই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। চায়ে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার করলে এর গুণগতমান নষ্ট হয়। তাই কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে চা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

T
পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চা বোর্ডের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন

সমতলের চা শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সার সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সার বরাদ্দও হয়েছে। শিগগিরই চা চাষিরা সেই সার পেয়ে যাবেন। 

চা আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, চা আইনের সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে। কিছুটা সময় লাগছে, আশা করছি শিগগিরই সংশোধিত আইন পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ভালো মানের চা উৎপাদনের জন্য শুধু চা চাষি নয়, কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

প্রশিক্ষণ কর্মশালায় সমতলের ৬০ জন চা চাষি ও কারখানা মালিক অংশ নেন। পরে পঞ্চগড়ের ৩০টি চা প্রক্রিয়াজাত কারখানার উৎপাদিত চা টি-টেস্টারদের মাধ্যমে পরীক্ষা ও মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেনসহ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর