নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ অভিযানে ১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ১০০ টাকা এবং একটি মোটরবাইকসহ আজাদ মিয়া (৪১) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ফারুক মিয়ার বাড়ির সামনে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নোয়াখালীতে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের অংশ হিসেবে এসআরবি-১১ ও সিপিসি-৩ নোয়াখালীর সঙ্গে যৌথভাবে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি হোন্ডায় মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে আজাদ মিয়াকে ১ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ১০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আজাদ মিয়া নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপুর এলাকার মিলন সর্দার বাড়ির মৃত আক্তার হোসেনের ছেলে। এর আগে তাকে গত বছরের ২৬ এপ্রিল মাদকসহ আটক হয়েছিল এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়েন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রতিনিধি/এজে




