রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদকাসক্ত তরুণদের মাঠে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

মাদকাসক্ত তরুণদের মাঠে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট জেলা স্টেডিয়ামে কিশোরীদের সঙ্গে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফেরাতে এবং আলোকিত লালমনিরহাট গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা স্টেডিয়াম সংস্কার করে কিশোর-তরুণদের মাঠে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তারা আবারও খেলার মাঠে ফিরতে শুরু করেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কিশোররা খেলাধুলায় যুক্ত থাকুক এবং এখান থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হোক, এটাই তারা চান। সুস্থ মানুষ, সুস্থ সমাজ ও দেশ গঠন করাই সরকারের প্রধান লক্ষ্য।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা। এখানকার কিশোর-তরুণেরা যেন মাদক বা জুয়ায় আসক্ত না হয়, সে জন্যই জেলার ১৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মন্ত্রীর আলোকিত লালমনিরহাট গড়ার উদ্যোগের অংশ হিসেবে এই ক্রীড়া আয়োজন জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

জেলার পাঁচটি উপজেলার ১৬টি দলের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর